করদাতা কোম্পানি হিসেবে নিবন্ধিত হলেও গ্রামীণ ব্যাংকের ছয়টি সহযোগী প্রতিষ্ঠান কখনোই আয়কর বিবরণী জমা দেয়নি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে রোববার।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা গ্রামীণ ব্যাংকের এই সহযোগী প্রতিষ্ঠানগুলোর আয়কর সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে চাওয়ার সিদ্ধান্ত নেয়।
সে অনুযায়ী মন্ত্রিসভা কমিটি এনবিআরের কাছে চিঠি দেয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে সংশ্লিষ্ট কর অঞ্চলে গ্রামীণ ব্যাংকের ৫৪টি সহযোগী প্রতিষ্ঠানের আয়কর সংক্রান্ত তথ্য জানাতে নির্দেশ দেয় এনবিআর।
রোববার এনবিআর সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ২৬ প্রতিষ্ঠানের আয়কর সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে উপরোক্ত ছয়টি প্রতিষ্ঠান কখনো আয়কর বিবরণী জমা দেয় নি বলে তথ্য পাওয়া গেছে।
প্রতিষ্ঠান ছয়টি হচ্ছে গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা, গ্রামীণ শিক্ষা, গ্রামীণ স্টার এডুকেশন, গ্রামীণ ইনফরমেশন হাইওয়ে, গ্রামীণ ইউকিগুনি সাইতাকি কোম্পানি এবং গ্রামীণ ইউনিক্লো। এ ছয়টি সহযোগী প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে করদাতা কোম্পানি হিসাবে নিবন্ধিত, কিন্তু আজ পর্যন্ত আয়কর বিবরণী জমা দেয়নি এরা।
রোববার সন্ধ্যায় এ বিষয়ে এনবিআরের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বার্তা২৪ ডটনেটকে বলেন, ‘‘কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকলেই তাকে আয়কর বিবরণী দাখিল করতে হবে আইন অনুসারে। পরে নির্ধারণ করা হবে যে, ওই প্রতিষ্ঠানের আয় করমুক্ত কি না।’’

No comments:
Post a Comment