সরকারি চাকরিতে প্রবেশের সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩০ বছর থেকে
বাড়িয়ে ৩২ বছর করার সুপারিশ করেছে জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয়
সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার কমিটির ২১তম বৈঠক এ সুপারিশ করা হয়।
বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা আগামী বৈঠকে কমিটিতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো.
বরকত উল্লাহ্ বুলু, এ.বি.এম. গোলাম মোস্তফা, মো. আবু তালহা ও জাহানারা বেগম
অংশ নেন।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার কৃষি
মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন ও জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব
(মানব সম্পদ) ও কমিটি সচিব ভীম চরণ রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।
এছাড়া ৪র্থ শ্রেণী কর্মচারী নিয়োগের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা
সমমানের পরীক্ষায় পাস এর বিধান করাসহ ৩য় শ্রেণীর সাধারণ ও কারিগরি পদে জনবল
নিয়োগ প্রক্রিয়ার যোগ্যতা যুগোপযোগী করার খসড়া আগামী বৈঠকে কমিটিতে
উপস্থাপন করতে বলা হয়।
সংসদ সচিবারয় সূত্রে জানা গেছে, গত ২০তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনও উপস্থাপন ও আলোচনা হয় এ বৈঠকে।
বেশ কিছু বিষয় পরীক্ষা নিরীক্ষা করে আগামী বৈঠকে প্রতিবেদন দাখিলের
নির্দেশ দেয়া হয়। এগুলো হচ্ছে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উপ-সহকারী
প্রকৌশলীদের মতো ২য় শ্রেণীর পদমর্যাদা ও ১০ নং গ্রেড দেয়া যায় কি না এবং
অফিস সহকারী/অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের বেতন বৈষম্য দূর করা এবং
সিলেকশন গ্রেড কার্যকর করা যায় কি না।

No comments:
Post a Comment