Pages

Monday, September 3, 2012

মেডিকেলে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির আগে রিট প্রত্যাহার নয় :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

মেডিকেলে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির আগে রিট প্রত্যাহার নয় :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

 মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য পরীক্ষা পদ্ধতি বহাল রাখার দাবিতে হাই কোর্ট বিভাগে আবেদনকারী আইনজীবীরা বলছেন, চলতি শিক্ষাবর্ষের জন্য ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেয়ার পরই তারা এ আবেদন প্রত্যাহার করবেন।

আবেদনটির প্রাথমিক শুনানি করে আদালত ইতিমধ্যে রুলও জারি করেছেন। জিপিএর ভিত্তিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টালে ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এ আবেদনটি করেন। রোববার তিনি বার্তা২৪ ডটনেটকে বলেন, সরকার আগের নিয়মে ভর্তিপ্রক্রিয়া শুরু করলে আবেদনটি প্রত্যাহার করা হবে। ভর্তির বিজ্ঞপ্তি দিলেই আমরা বুঝতে পারবো যে কোন নিয়মে যাচ্ছে সরকার।

এ বিষয়ে আরেকটি আবেদন করেছিলেন ভর্তিচ্ছু শিক্ষার্থী জুনায়েদ রহমান ইয়ামের বাবা এ কে মিজানুর রহমান। তার আইনজীবী মো. নজরুল ইসলাম খান বলেন, ‘‘সরকারের সিদ্ধান্ত যদি মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে যায় এবং তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়, তাহলে আমরা আবেদনটি প্রত্যাহার করবো। শুধু মুখের কথার তো গুরুত্ব নেই।’’

এর আগে রোববার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আন্দোলনকারী ভর্তিচ্ছুদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক সাংবাদিকদের বলেন, “মামলা তুলে নিলে প্রচলিত পদ্ধতিতে ভর্তি করা হবে। মিটিংয়ের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”

আর মামলা তুলে নিলে আগের নিয়মে মেডিকেলে ভর্তি করা হবে স্বাস্থ্যমন্ত্রীর এমন আশ্বাসের ভিত্তিতে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তবে তারা সরকারের কাছে দু’দফা দাবি পেশ করেছেন। তাদের দাবিগুলো হলো: শুধু এবার নয় সব সময়ই পরীক্ষার ভিত্তিতে মেডিকেলে ভর্তি এবং আইন করে কোচিং ব্যবসা বন্ধ করা।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ভর্তিচ্ছুদের এক সংবাদ সম্মেলনে তাদের প্রতিনিধি মোমিনুল ইসলাম বলেন, “একটু দেরিতে হলেও মন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন। তার পদক্ষেপকে ইতিবাচক হিসেবে নিয়ে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করছি।”

No comments:

Post a Comment