রাজধানীর উত্তরায় স্পীকার, ডেপুটি স্পীকার ও বাণিজ্য মন্ত্রীর ছবি
ব্যবহার করে প্রতারণা করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা
পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, নিপ্পন কসমেটিকসের এমডি আবুল কাশেম ওরফে
পাপ্পু (৩৯), জেনারেল ম্যানেজার মো. ইয়াছিন আরাফাত (৩০), মো. শফিকুল ইসলাম
(২৮), ফিরোজ কিবরিয়া (৫০) ও মো. আমিনুল ইসলাম (৩২)।
শুক্রবার ডিএমপি মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি মাসের ৬ তারিখে আড়াইটার দিকে ঢাকা
মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (উত্তর) এর একটি দল গোপন
সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১৪, বাড়ি-৭৯, গাউছুল আজম
প্রধান সড়ক এলাকা, উত্তরা ঢাকায় অবস্থিত নিপ্পন কসমেটিকস প্রোঃ ইনঃ লিঃ এর
তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা
হয়েছে। গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (উত্তর) এর ক্রাইম এনালাইসিস সেলের
সহকারী পুলিশ কমিশনার রায়হানুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গোয়েন্দা পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অফিসে
বিভিন্ন ধরনের ভেজাল পণ্য সামগ্রী উন্নত প্যাকেজিংয়ের মাধ্যমে বিক্রয় করত।
এক্ষেত্রে তারা বিভিন্ন জেলায় পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য মোটা অংকের
টাকার বিনিময়ে ডিলার নিয়োগ করত। ডিলারগণের কাছ থেকে তারা টাকা নেয়ার পরে
কোনো পণ্য সামগ্রী প্রদান করতো না। বিভিন্ন সময়ে মাল সরবরাহের তারিখ প্রদান
করে সময়ক্ষেপন করতো।
এছাড়াও তারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বেকার যুবকদের চাকরি প্রদানের নামে
মোটা অংকের টাকা হাতিয়ে নিত। তাদের প্রতারণার বিষয়ে যাতে কেউ সন্দেহ না
করে সে জন্য তারা কৌশলে এমডি আবুল কাশেম ওরফে পাপ্পু এর সাথে মাননীয়
স্পীকার, ডেপুটি স্পীকার ও বাণিজ্য মন্ত্রীর ছবি দেয়ালে টাঙ্গিয়ে রাখতো।

No comments:
Post a Comment