ভারত সীমান্তে বাংলাদেশী কিশোরী গণধর্ষণের শিকার
বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে ১৫ বছর বয়সী এক বাংলাদেশী কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। ভারতের উত্তর ২৪ পরগণার কাছে বশিরহাট স্বরূপনগর সীমান্তের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বক্তব্যে জানা গেছে, এর মধ্যে দুর্বৃত্তদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত অপরাধীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই কিশোরী বশিরহাটের মাটিয়া এলাকায় তার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলো। গত শনিবার রাতে সে তার বড় বোন ও আরও কয়েকজন আত্মীয়ের সঙ্গে একটি গাড়িতে করে নিজ বাড়িতে ফিরছিলো। সীমান্ত এলাকায় পৌঁছানোর পর নিরাপত্তা সংক্রান্ত কারণে গাড়ি থামাতে বাধ্য হন তারা। হঠাৎ করেই চারপাশ থেকে ৫ যুবক গাড়ির সামনে এসে দাঁড়ায়। এরপর তারা টেনেহিঁচড়ে ওই কিশোরীকে গাড়ি থেকে বের করে। তার সঙ্গে থাকা আত্মীয়রা চেষ্টা করেও দুর্বৃত্তদের থামাতে ব্যর্থ হয়। তারা জোর করে ওই কিশোরীকে নিজেদের গাড়িতে উঠিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। তারা তাকে কাছেই একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। এরপর পালাক্রমে একে একে ৫ জনই তার ওপর ঘৃণ্য পাশবিক নির্যাতন চালায়। ধর্ষকরা সেখানেই মেয়েটিকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ও বশিরহাটের উপ-বিভাগীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে তার মেডিকেল টেস্ট করানো হয়েছে। স্বরূপনগর থানায় গণধর্ষণের একটি অভিযোগ দায়ের করা হয়। ওদিকে পশ্চিমবঙ্গ মহিলা গণতান্ত্রিক সমিতি পাশবিক এ ঘটনার প্রতিবাদে সভা-সমাবেশ করেছে বলে জানা গেছে।
No comments:
Post a Comment