‘ভয় দেখিয়ে লাভ নেই’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধের বিচার বাধা দিয়ে লাভ নেই। সরকার এ বিচারের অঙ্গিকার করে ক্ষমতায় এসেছে। বিচার হবে। আমরা আন্দোলন সংগ্রাম করেই ক্ষমতায় এসেছি। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন হল ও ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা হচ্ছে দারিদ্র মুক্তির হাতিয়ার। আমাদের শিক্ষার্থীরা অনেক বেশী যোগ্য, কর্মঠ এবং মেধাবী। তাদের দরকার শিক্ষার সুন্দর পরিবেশ। তিনি বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি কখনও উন্নত হতে পারে না। দেশের শিক্ষার হার শতভাগ করার লক্ষ্যে আমরা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘শিক্ষা সহায়তা ট্রাস্ট’ ফান্ড করেছি। দেশের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, মাতৃভাষা থেকে শুরু করে স্বাধীনতার আন্দোলন সবই শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। মুক্তিযুদ্ধেও রয়েছে এর সক্রিয় উপস্থিতি। শেখ হাসিনা আরও বলেন, দেশকে ডিজিটাল করব ঘোষণা দিয়েছিলাম। এ ক্ষেত্রে আমরা অনেকাংশে সফল। আমরা প্রতিটি ইউনিয়নে ইন্টারনেট ব্যবস্থা চালু করেছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী এবং প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ ।
শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। ঢাবিতে কিছু সমস্যা রয়েছে। যে প্রকল্পগুলো হাতে নেয়া হয়েছে তা বাস্তবায়িত হলে এই সমস্যা আর থাকবে না। তিনি আরও বলেন, অধিক মুনাফা লাভের লক্ষ্যে অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। আমরা আইন করে এপথ বন্ধ করেছি। নাহিদ শিক্ষানীতির কথা উল্লেখ করে বলেন, দেশে আমরাই প্রথম শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষানীতি বাস্তবায়ন করছি। এর আগে অনেক শিক্ষানীতি হাতে নেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তিনি এ সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে উল্লেখ করে বলেন, বর্তমানে শিক্ষা ক্ষেত্রে ছেলে-মেয়ের সমতা এসেছে। শিক্ষা উপযোগী প্রতিটি শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করেছি।
No comments:
Post a Comment