Pages

Tuesday, November 13, 2012

কাটরিনা-আনুশকার লড়াই

কাটরিনা-আনুশকার লড়াই


আজ মুক্তি পেয়েছে সদ্য প্রয়াত স্বনামধন্য পরিচালক-প্রযোজক যশ চোপড়ার সর্বশেষ ছবি ‘জাব তাক হে জান’। দীর্ঘদিন পর যশ চোপড়া এই ছবিটি পরিচালনা করেছিলেন। এটিই তার পরিচালিত শেষ ছবি বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি। ছবিতে অভিনয় করেছেন বলিউড বাদশা শাহরুখ খান, কাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। তবে নতুন ও মজার খবর হচ্ছে মুক্তির অনেক আগে থেকেই বহুল আলোচিত এই ছবিটি নিয়ে কথার লড়াইয়ে অবতীর্ণ হয়ে মুখোমুখি অবস্থান করছেন কাটরিনা ও আনুশকা। ছবিতে কার চরিত্রটি কতটা গুরুত্বপূর্ণ এ নিয়েই মূলত তাদের মধ্যেকার এই লড়াই। সম্প্রতি আনুশকা তার টুইটার একাউন্টে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দেয়ার মধ্যে দিয়ে শুরু হয় তাদের মধ্যেকার এই লড়াই। আনুশকা টুইটারে লিখেন, ‘জাব তাক হে জান’ এর মাধ্যমে যশরাজ ফিল্মসের চার নম্বর ছবিতে আমি অভিনয় করছি। অল্প সময়ের মধ্যে এরকম একটি বড় ব্যানারের ছবিতে কাজ করে আমি সত্যিই অভিভূত। ছবিতে শাহরুখের সঙ্গে আমার রসায়ন দর্শক খুব ভাল উপভোগ করবেন। ছবিতে কাটরিনা থেকে আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। একটুও বেশি বেশি বলছি না আমি। ছবিটি দেখলেই সবাই তা বুঝবে। ব্যাস, আনুশকার এমন মন্তব্যে তেলে বেগুনে জ্বলে উঠেন কাটরিনা। বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করা হলে কাটরিনা বলেন, আসলে ছবির মূল জুটি হলাম শাহরুখ ও আমি। এটা আপনারা ছবির প্রমো ও গান দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। তো কার চরিত্র ছবিতে কতটা গুরুত্বপূর্ণ সেটা আর বলার অপেক্ষা রাখে না। ছবিটি মুক্তি পেলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। বিষয়টি নিয়ে কারও কারও তর্ক করার ইচ্ছে থাকলেও আমার তা একদমই নেই। ‘জাব তাক হে জান’ ছবিটি নিয়ে আনুশকা ও কাটরিনার এমন কথার লড়াই বেশ ফলাও করে প্রচার করছে ভারতীয় মিডিয়াগুলো। ছবি মুক্তির কয়েকদিন আগে থেকে এ দুই অভিনেত্রীর এমন আচরণকে অনেকেই শিশুসুলভ আচরণ বলেই মন্তব্য করেছেন। আবার অনেকেই এটাকে আনুশকা ও কাটরিনার মিলিত স্ট্যান্ডবাজি হিসেবেও দেখছেন। এখন আজ ছবিটি মুক্তির মধ্যে দিয়েই বোঝা যাবে যে কে কতটা যুক্তিসঙ্গত কথা বলেছেন কিংবা আসলেই এগুলো স্ট্যান্ডবাজি ছিল কিনা।

No comments:

Post a Comment