Pages

Saturday, November 10, 2012

এখন থেকে পুলিশ আর নীরব থাকবে না

এখন থেকে পুলিশ আর নীরব থাকবে না

 



পুলিশ কয়েক দিন ধরে চরম ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, পুলিশ আর নীরব থাকবে না।
সারা দেশে যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আজ শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে যুবলীগ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশের সাধারণ মানুষের ওপর সন্ত্রাস চালাচ্ছে, পুলিশের ওপর হামলা করছে, তাদের দেশের আইন অনুযায়ী দমন করতে হবে।
সাম্প্রদায়িক কোনো শক্তি যেন দেশে মাথা তুলে দাঁড়াতে না পারে সে জন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, জামায়াত-শিবির বা সাম্প্রদায়িক শক্তির কাউকে দেখলে তাদের ধরে পুলিশে সোপর্দ করবেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই বিএনপি পরিকল্পিত সন্ত্রাস ও ধ্বংসাত্মক রাজনীতির মদদ দিচ্ছে। সময় এসেছে তাদের রুখে দাঁড়ানোর।
সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, একের পর এক সাম্প্রদায়িক হামলা হচ্ছে, সাংবাদিক মারা যাচ্ছেন কিন্তু পুলিশের ভূমিকা জনগণের কাছে স্পষ্ট নয়। পুলিশের মধ্যে লুকিয়ে থাকা বাবর বাহিনী কি আবার সক্রিয় হতে শুরু করেছে? সবাইকে এসব ব্যাপারে সচেতন থাকতে হবে।
যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, সাম্প্রদায়িক শক্তির কোনো স্থান নেই বাংলাদেশে। আর তাই দেশে কোনো অরাজক পরিস্থিতি হলে কঠোর হাতে দমন করতে হবে।
স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ
বিকেলে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সমাবেশেও একই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জামায়াত-শিবির নামধারী দুর্বৃত্তদের যেখানে দেখা যাবে, সেখানেই তাদের পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করুন। প্রতিটি জেলা, থানা, পাড়া ও মহল্লায় ওদের খুঁজে বের করুন।
রাজধানীর রাসেল স্কয়ারে ওই বিক্ষোভ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন উত্তরের সভাপতি মোবাশ্বের চৌধুরী। বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাসেল স্কয়ার থেকে শুরু করে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে গিয়ে শেষ হয়। স্বেচ্ছাসেবক লীগ ছাড়াও জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে মহিলা আওয়ামী লীগ জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

No comments:

Post a Comment